স্বাস্থ্যবিধি প্রতিপালনে আইসিটি প্রতিমন্ত্রীর অনলাইন বৈঠক
শস্য ও মৎস ভান্ডার হিসেবে খ্যাত চলন বিলের ফসল মাঠ থেকে ঘরে আনার বিষয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
মঙ্গলবার প্রতিমন্ত্রী তার ঢাকার সংসদ ভবনস্থ বাসভবন থেকে অনলাইন বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকের শুরুতেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জুনাইদ আহমেদ পলক শস্য ও মৎস ভান্ডার হিসেবে খ্যাত চলন বিলের ফসল মাঠ থেকে ঘরে আনা, কৃষি শ্রমিক এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের বিষয়ে সাবধানতা অবলম্বন, খাদ্য সংগ্রহ ও সরবরাহ এবং বিপণন ব্যবস্থা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গৃহীত ব্যবস্থা ও সর্বশেষ পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরেন।
নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর ৪ আসনের আব্দুল কুদ্দুস, নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার, পুলিশ সুপার লিটন কুমার সাহা , সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদাউসসহ জেলার বিভিন্ন পৌরসভার মেয়রগন স্থানীয় জনপ্রতিনিধি জেলার রাজনৈতিক ও গনমান্য ব্যক্তিবর্গ অনলাইন কনফারেন্সে যুক্ত হন এবং তাদের মতামত তুলে ধরেন।
বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমন বিষয়ে সচেতন ও সাবধানতা অবলম্বনের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী উন্মুক্ত মাঠে বাজার বসানো ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারের কার্যক্রম পরিচালনা করা হয় সে বিষয়ে সতর্ক থাকতে প্রশাসনের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি দক্ষতা, যোগ্যতা, আন্তরিকতা ও সততার সাথে সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।